বিএনএ, নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন অপূর্বকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরোনো সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি এস.আই শফিকুল হত্যা মামলারও আসামি বলে জানিয়েছে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপূর্বকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, এ হত্যাকাণ্ডে সরাসরি ৫/৬ জন জড়িত ছিলেন। তাদের পেছনে অর্থদাতাসহ আরও বড় একটি চক্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছে পুলিশ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছে একটি দোকানের সামনে গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। তার শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।
এ ঘটনায় আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৮জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে সিআইডি, পিবিআই ও ডিবি সমন্বিত দল মামলাটি তদন্ত করছে।
বিএনএ/শাম্মী
![]()

