বিএনএ, ঢাকা: সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত এমপিরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে এই অনুষ্ঠান শুরু হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করেন।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে শপথ নেন বিএনপির এমপিরা। তবে বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির ও নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের গণমাধ্যমকে জানান, দুপুর ১২টায় জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। সংসদ ভবনে তারা যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় পরে নিজেদের অবস্থান নির্ধারণে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা।
বিএনএ/ওজি
![]()

