বিএনএ, ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। তবে তাঁর কর্মজীবন মসৃণ ছিল না। বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন তাঁকে প্রশাসনিক মূলধারা থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছিল। ২০০৯ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়। টানা চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাঁকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছিল।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়, তাতে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ড. গনিকে পুনরায় প্রশাসনে ফিরিয়ে আনা হয়। অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। সেখান থেকেই এবার তিনি প্রশাসনের শীর্ষ পদে আসীন হলেন।
বিএনএ/ওজি
![]()

