33.1 C
আবহাওয়া
১:২৬ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান

দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে প্রায় আড়াই ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, সোমবার (১৫ জুন) থেকে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের’ (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের। এই সফরের বিষয়ে গত শুক্রবারই (১২ জুন) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্রের মাধ্যমে অবহিত করেছিল।

রোববার বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন উপদেষ্টা। কিন্তু দিল্লি বিমানবন্দরে নামার পর অভিবাসন কর্মকর্তারা তাঁকে আটকে দেন এবং প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রেখে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন।

উপদেষ্টার ঘনিষ্ঠ একটি সূত্র জানান, প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সরকারি উপদেষ্টার সঙ্গে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা যে আচরণ করেছেন, তা অত্যন্ত অসৌজন্যমূলক এবং প্রটোকল পরিপন্থী। দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিরক্ত হয়ে উপদেষ্টা নিজেই কর্মকর্তাদের কাছ থেকে নিজের পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে দেশে ফেরার প্রস্তুতি নেন।

পরিস্থিতি বেগতিক দেখে পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে সসম্মানে ভারতে প্রবেশের অনুরোধ জানালেও, আত্মসম্মান ও প্রটোকল বজায় রাখতে ডা. জাহেদ উর রহমান সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। তিনি দিল্লি থেকে কলম্বো হয়ে ঢাকার পথ ধরেন।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এটি মূলত একটি ‘প্রশাসনিক ত্রুটি’ ছিল। পরবর্তীতে অসঙ্গতিটি চিহ্নিত হওয়ার পর দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে দ্রুত বিষয়টির সমাধান করা হয় এবং উপদেষ্টাকে ছাড়পত্র দেওয়া হয়।

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ইনফ্লুয়েন্সার ও অ্যাকটিভিস্টের ইউটিউব চ্যানেল ব্লক করে ভারত। তাদের বিরুদ্ধে ভারতবিরোধী প্রচারণার অভিযোগ করা হয়। ভারতের নিরাপত্তা নজরদারি তালিকায় থাকা সেই তালিকায় ডা. জাহেদ উর রহমানের নামও যুক্ত ছিল।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার