বিএনএ, ঢাকা: টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন।নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়ায় আজকের একাদশে নেই ।
এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচটি ঘিরে রয়ে গেছে ইতিহাস গড়ার হাতছানি। অস্ট্রেলিয়াকে ৩–০ ব্যবধানে হারাতে পারলে এশিয়ার প্রথম দেশ হিসেবে ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে বাংলাদেশ। একই সঙ্গে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে আট নম্বরে উঠে যাওয়ার সুযোগও রয়েছে স্বাগতিকদের সামনে।
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন বলেন, “ব্যবধান ৩–০ হোক বা ২–১, দিনশেষে সিরিজটা হেরে গেছি।” তার এই মন্তব্যেই মিশে আছে সফরকারীদের আক্ষেপ।
অন্যদিকে বাংলাদেশ শিবিরে আনন্দের পাশাপাশি রয়েছে আরও বড় লক্ষ্যের তাড়না। সৌম্য সরকার মনে করেন, সিরিজ জয়ই বড় অর্জন হলেও অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলে তা হবে আরও বড় সাফল্য। তিনি বলেন, “আমরা যে সিরিজটা জিতেছি, এটা আমাদের সবার অনেক বড় অর্জন। তবে ৩–০ করতে পারলে সেটা আরও বড় কিছু হবে।”
ইতিহাস বলছে, অস্ট্রেলিয়া তাদের ওয়ানডে ইতিহাসে মাত্র ছয়বার হোয়াইটওয়াশ হয়েছে। অন্যদিকে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডকে সিরিজে হোয়াইটওয়াশ করেছে। এবার সেই তালিকায় যোগ হতে পারে অস্ট্রেলিয়ার নাম।
বিএনএ/ওজি
![]()

