31.4 C
আবহাওয়া
৪:৩৫ অপরাহ্ণ - জুন ৩০, ২০২৬
Bnanews24.com
Home » আজ থেকে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু

আজ থেকে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি শুরু


বিএনএ ডেস্ক: আজ থেকে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়িভাড়া বাড়ানোর দাবি ও শিক্ষকদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে শিক্ষকরা এ কর্মবিরতি শুরু করেন । এতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে শিক্ষকদের এ কর্মবিরতির খবর নিশ্চিত হওয়া গেছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এরপর তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন । কিছু শিক্ষক আবারো প্রেস ক্লাব এলাকায় অবস্থান নেয়। কেউ কেউ প্রেস ক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ঢাকায় অবস্থান করা শিক্ষকরা। তারা পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।

এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, সীমাহীন কষ্ট ও দুর্ভোগের মধ্যদিয়ে শিক্ষকরা শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত পার করেছেন। এত কিছুর পর শিক্ষকরা আর খালি হাতে ঘরে ফিরতে চান না। প্রজ্ঞাপন আদায় করে নিয়েই শিক্ষকরা ক্লাসে ফিরবেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন। গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়, যা শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ আরো বাড়িয়ে তোলে।

Loading


শিরোনাম বিএনএ