24 C
আবহাওয়া
৭:৩২ অপরাহ্ণ - মে ১৩, ২০২৬
Bnanews24.com
Home » যুদ্ধের সময় সৌদি আরবও গোপনে হামলা করেছিল ইরানে

যুদ্ধের সময় সৌদি আরবও গোপনে হামলা করেছিল ইরানে


বিএনএ, বিশ্বডেস্ক : বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুদ্ধের সময় সৌদি আরবে ইরানের হামলার জবাবে সৌদি আরবও কোনো ঘোষণা ছাড়াই ইরানে অসংখ্যবার হামলা করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতও ইরানে বিমান হামলা চালিয়েছিল বলে খবর এসেছিল ।

এদিকে চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “হয় আমরা ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাবো নয়তে তারা ধ্বংস হয়ে যাবে”।

ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন যুদ্ধ শেষ না হওয়ার একমাত্র কারণ হলো আমেরিকার ‘অসততা’।

রয়টার্স সোমবারই রিপোর্ট করেছিল যে সংযুক্ত আরব আমিরাত যুদ্ধের সময় গোপনে ইরানে বিমান হামলা চালিয়েছিল।

ওই রিপোর্টের একদিন পর ১২ইমে মঙ্গলবার রয়টার্সের আরেক খবরে বলা হয়েছে, সৌদি আরবে ইরানের হামলার জবাবে সৌদি আরবও গোপনে বেশ কয়েকবার ইরানে হামলা করেছিল।

এ তথ্য দিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত দুইজন পশ্চিমা কর্মকর্তা এবং দুইজন ইরানি কর্মকর্তা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলাগুলোর খবর আগে প্রকাশ্যে আসেনি। এ থেকে বোঝা যায় যে এই প্রথমবারের মতো সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে সামরিক পদক্ষেপ নিয়েছে।

এর মাধ্যমে আরও একটি বিষয় প্রকাশ পেয়েছে যে, রিয়াদ এখন তার প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আত্মরক্ষায় আরও সাহসী হয়ে উঠেছে। দুইজন পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলাগুলো সৌদি বিমানবাহিনী পরিচালনা করেছিল এবং সম্ভবত মার্চের শেষ দিকে এসব হামলা চালানো হয়।

কর্মকর্তাদের একজন বলেন, “সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিক্রিয়াতেই এই পাল্টা হামলা করা হয়েছিল”।

তবে তারা এসব হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিশ্চিত করতে পারেনি বলে রয়টার্স উল্লেখ করেছে।

রয়টার্স এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তিনি সরাসরি কিছু বলেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রয়টার্সকে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সামরিক সম্পর্ক থাকা সৌদি আরব ঐতিহ্যগতভাবে নিরাপত্তার জন্য মার্কিন সামরিক শক্তির ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক ১০ সপ্তাহের যুদ্ধ দেশটিকে এমন হামলার মুখে ফেলেছে, যা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকেও অতিক্রম করে গিয়েছে।

গতকাল ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে, সংযুক্ত আরব আমিরাত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার প্রাথমিক মুহূর্তগুলোতে পারস্য উপসাগরে ইরানের তেল স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়।

এর মধ্যে লাভান দ্বীপে অবস্থিত ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির অফশোর স্থাপনাতেও অন্তত একটি হামলাটি ছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ