বিএনএ, ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বার্ধক্যজনিত কারণে সবশেষ কয়েক সপ্তাহ ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোশাররফ হোসেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। কর্মজীবনে তিনি সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজে অংশ না নিয়ে তার ছেলে মাহবুব রহমান রুহেলকে আসনটি ছেড়ে দেন।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি ধাপে ধাপে বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন লাভ করেন। ২০২৫ সালের ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তিনি কারামুক্তি পান।
বিএনএ/ওজি
![]()

