30 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - অক্টোবর ১০, ২০২৬
Bnanews24.com
Home » যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রশ্ন ফাঁসের অভিযোগ

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রশ্ন ফাঁসের অভিযোগ


বিএনএ, ঢাকা: যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে শুরুর আগ মুহূর্তে প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বেলা ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ২৪২টি পদের বিপরীতে ৩ লাখেরও বেশি প্রার্থীর এ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেক পরীক্ষার্থী। তাদের অভিযোগ, পরীক্ষায় অংশ নিতে ঢাকায় আসার জন্য যাতায়াত, থাকা ও খাওয়াসহ উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়েছে। এতে তাদের আর্থিক ক্ষতির পাশাপাশি প্রস্তুতি ও সময়ও নষ্ট হয়।

পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এ ধরনের পরীক্ষা আয়োজনের পাশাপাশি প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পরীক্ষার্থীরা।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ