22 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ


বিএনএ, কক্সবাজার:   চট্টগ্রামের চন্দনাইশ লোহাগাড়া, সাতকানিয়া, কক্সবাজারের চকরিয়া, ঈদগাঁও সড়কে জলাবদ্ধতায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল থেকে ওই রুটে যান চলাচল বন্ধ।

এছাড়াও অভ্যন্তরীণ সড়কগুলো কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে।এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষাধিক লোক আশ্রয় কেন্দ্রে চলে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের এলাকা ত্যাগ না করতে বলেছেন চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসক।

জানা গেছে, মঙ্গলবার সকালে চন্দনাইশ এলাকার সড়কে পানিতে টইটুম্বুর দেখা যায়। এতে পানির নিচে রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক। ইতোমধ্যে সড়ক দিয়ে যান চলাচল অনিরাপদ হয়ে পড়েছে। এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এ দিকে চকরিয়া উপজেলার কাকারা, সুরাজপুর-মানিকপুর, লক্ষ্যারচর, কৈয়ারবিল, বরইতলী, হারবাং, পূর্ব বড় ভেওলা, বিএমচর, কোনাখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, চিরিঙ্গা, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী এবং পেকুয়া সদর, রাজাখালী, উজানটিয়া এবং চকরিয়া পৌরসভার সিংহভাগ এলাকা বর্তমানে ৮ থেকে ১০ ফুট বানের পানির নিচে রয়েছে।

এসব এলাকার প্রায় তিন শতাধিক গ্রামের পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঘরে ঘরে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এসব পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন, ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ