বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে সাতজনই শিশু, তারা সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী। এছাড়া নিহত অপর একজন ওই মাদ্রাসার শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।
নিহতরা হলেন— ব্লক ১১ এর বাসিন্দা হাসিম উল্লাহর মেয়ে রাশিদা বেগম (১৩), এফ-১ ব্লকের আবদুস শুকুরের মেয়ে উম্মে নেজাতুল (১৩), ক্যাম্প-৩ এর আবদুস শুক্কুরের মেয়ে উম্মে সালমা (১২), ব্লক- ৮ এর মোহাম্মদ ইলিয়াছের মেয়ে উমাইসা বিবি (১৩)। বাকি নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত রাঙামাটির জনজীবন। পাহাড়ধসের কারণে রাঙামাটি থেকে বান্দরবান, রাজস্থলী, খাগড়াছড়ি, মহালছড়ি, বাঘাইছড়ি ও লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কাপ্তাই হ্রদে তীব্র স্রোতের কারণে বন্ধ রয়েছে ছোট নৌযান চলাচল। তলিয়ে গেছে নিম্নাঞ্চল।
দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে আগের দিনই সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

