বিএনএ, বিশ্বডেস্ক : ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেল বা ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
একই সময়ে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে যুক্তরাষ্ট্রের বাজারেও অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার ফলে সেখানে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৯২ দশমিক ৭৫ ডলারে।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর লাগাতার আগ্রাসনের জবাবে সেই চুক্তি ভেঙে এই প্রথম ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলও বসে না থেকে ইরানের ৩টি শহরে বিমান থেকে একযোগে পাল্টা হামলা চালাচ্ছে। এর পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধংদেহী পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে।
বিএনএ/ওজি
![]()

