বিএনএ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে দুই দিন বন্ধ থাকার পর দেশের প্রায় ৩০টি ব্যাংকের কিউ-ক্যাশের আওতাধীন কার্ড, এটিএমসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা চালু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এসব সেবা স্বাভাবিক হয় বলে জানিয়েছে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি)।
এক বিজ্ঞপ্তিতে কিউ-ক্যাশ জানায়, তাদের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো কার্ড ও অন্যান্য মাধ্যমে লেনদেন করতে পারবেন।
উল্লেখ্য, গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ব্যাংকগুলোর এটিএম, পিওএস মেশিন ও কার্ডভিত্তিক লেনদেনসহ বিভিন্ন সেবা ব্যাহত হয়।
ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা পুনরায় চালু হতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই মঙ্গলবার রাতে কিউ-ক্যাশের আওতাধীন সেবাগুলো চালু করা হলো।
বিএনএ/শাম্মী
![]()

