বিএনএ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে । তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি।
আজ সোমবার (৫ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৬৪০ টাকা। সে হিসাবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। অর্থাৎ নতুন দরে প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।
এছাড়াও ২১ ক্যারেট স্বর্ণের ভরিতে দাম কমেছে ১ হাজার ৫৭৪ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরিতে দাম কমেছে ১ হাজার ৩৪১ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে প্রায় ১ হাজার ১০৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার অলংকারের দামও নির্ধারণ করেছে বাজুস।
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে এই বিক্রয়মূল্যের বাইরে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
বিএনএ/শাম্মী
![]()

