বিএনএ কুমিল্লা: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। ফলে জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি।
এই আসনে জামায়াত জোটে থাকা শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই সেহেতু দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করতে কেন্দ্র থেকে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সসমর্থন দিয়েছেন এবং তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের।
বিএনএ/শাম্মী
![]()

