বিএনএ, চট্টগ্রাম : একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জমানো টাকা ফেরত ও ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে চট্টগ্রামে দ্বিতীয় দিনেও ব্যাংকে তালা ঝুলিয়েছে গ্রাহকরা।সোমবার (৪ মে) সকালে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় বিক্ষুব্ধ গ্রাহকরা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের পাঁচটি শাখায় তালা ঝুলিয়ে দেয়।
এর আগে গতকাল রোববার সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম চ্যাপ্টারের ব্যানারে কয়েক শ’ আমানতকারী বিক্ষোভ মিছিল নিয়ে খাতুনগঞ্জ এলাকায় ওই পাঁচটি ব্যাংকের পাঁচটি শাখাতে তালা ঝুলিয়ে দিয়েছিল।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ প্রতীক্ষার পরও আমানতের টাকা ফেরত পেতে নানা টালবাহানার শিকার হচ্ছেন তারা। বিশেষ করে নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-র অধীনে যাওয়ার পর তাদের সংকট আরো ঘনীভূত হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মো. আজম উদ্দীন বলেন, আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে এলেও কোনো ফল মেলেনি। উল্টো আমাদের জমানো টাকার ওপর ‘হেয়ার কাট’ বা অংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএনএ/ওজি
![]()

