বিএনএ,বিশ্বডেস্ক : যৌন অপরাধী জেফরি এপস্টেইনের বিষয়ে মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে শেষ পর্যন্ত রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।হাউজ ওভারসাইট কমিটির সমন অমান্য করায় তাদের বিরুদ্ধে ‘কংগ্রেস অবমাননার’ প্রস্তাব পাসের ঠিক কয়েক দিন আগেই এই সিদ্ধান্ত জানালেন তারা।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে বিল ক্লিনটনের ডেপুটি চিফ অফ স্টাফ অ্যাঞ্জেল উরেনিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এই তদন্ত প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করেছেন।
তার মতে, ক্লিনটন দম্পতি ইতোমধ্যেই যা জানেন তা শপথের মাধ্যমে জানিয়েছেন, কিন্তু তদন্ত কমিটি বিষয়টিকে ভিন্নভাবে ব্যবহারের চেষ্টা করছে।
বিল ক্লিনটন অতীতে এপস্টেইনের সাথে পরিচয়ের কথা স্বীকার করলেও তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানার কথা জোরালোভাবে অস্বীকার করেছেন। যদিও এপস্টেইনের ব্যক্তিগত জেটের ফ্লাইটে ক্লিনটনের ভ্রমণের রেকর্ড এবং তার অবকাশ যাপনের কিছু পুরনো ছবি সম্প্রতি বিচার বিভাগ প্রকাশ করেছে, তবে ক্লিনটন শিবিরের দাবি—এই সম্পর্ক দুই দশক আগেই ছিন্ন হয়েছে।
বিএনএ/ ওজি
![]()

