বিএনএ, কক্সবাজার: আজ রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফের দমদমিয়া সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে হাইওয়ে সড়কে ‘ব্যারিকেড’ ফেলে একটি যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নেওয়ার পাশাপাশি বাসের এক যাত্রীকে ছুরিকাঘাত করে।আতঙ্ক সৃষ্টি করতে ডাকাতদল কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
ছুরিকাঘাতে আহত মো. আল আরমানকে (২৫) উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরমান টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পালকি পরিবহনের যাত্রীবাহী বাস ব্যারিকেড দিয়ে থামিয়ে সশস্ত্র ডাকাতরা ডাকাতি করে। এ সময় কয়েক রাউন্ড গুলির বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, এক যুবক ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ডাকাতরা বাসের যাত্রীদের পাশাপাশি বিকাশের এজেন্ট বা কর্মীদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দমদমিয়া সংলগ্ন হাইওয়ে সড়কে ডাকাতির খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএনএ/শাম্মী
![]()

