বিএনএ, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্য লাইন থেকে মিয়ানমারের দশ গজ ভেতরে মর্টার শেল বিস্ফোরণে সতনাইম তঞ্চঙ্গা নামের এক কিশোর নিহত হয়েছেন।
নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২ জুন) দুপুর সোয়া একটা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
ওই কিশোরের আনুমানিক বয়স ১৫ বছর বলে জানিয়েছেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এনামুল হাসান বলেন, “উনার যে পরিচয় পাওয়া গেছে, উনার নাগরিকত্বই মিয়ানমারের। উনার স্থায়ী ঠিকানা মিয়ানমারের। বাংলাদেশের সীমান্তে বসবাস করতেন।”
বাংলাদেশ ও মিয়ানমারের নাইক্ষ্যংছড়ির অংশে অবস্থিত শূন্য লাইন থেকে আরো প্রায় দশ গজ মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটেছে।
ওই মরদেহের বিষয়ে কী করা হবে জানতে চাইলে এনামুল হাসান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি জানা যায়নি।
সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

