20 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড: দুই চালক কারাগারে

অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড: দুই চালক কারাগারে


বিএনএ,ঢাকা : ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে করা মামলায় লঞ্চটির দুই চালককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২ জানুয়ারি) নৌ-আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগমের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তারা হলেন- লঞ্চের ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ ও দ্বিতীয় চালক আবুল কালাম। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর একই আদালতে লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার ও দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার আগে গত ২৬ ডিসেম্বর একই আদালতে নৌ-অধিদপ্তরের প্রধান পরিদর্শক মো. শফিকুর রহমান স্পেশাল মেরিন আইনের ৫৬/৬৬ ও ৭০ ধারায় অভিযোগ এনে আটজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার আসামিরা হলেন- লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক মো. হামজালাল শেখ, মো. শামিম আহম্মেদ, মো. রাসেল আহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি। এছাড়া লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৩ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট থেকে যাত্রী নিয়ে এমভি অভিযান-১০ বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চটি ঝালকাঠির নলছিটি থানা এলাকা অতিক্রম করার পর রাত আনুমানিক ৩টায় ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। পরে ঝালকাঠির সুগন্ধা নদীর লঞ্চঘাটের অনেক আগেই জাহাজে থাকা যাত্রীদের অনেকে নদীতে লাফ দেন। আগুনে কেবিনসহ সবই পুড়ে যায়।

ইনচার্জ মাস্টার, ইনচার্জ ড্রাইভার ও সেকেন্ড ড্রাইভার আগুন নিয়ন্ত্রণের পদক্ষেপ না নেওয়ায় ৪৪ জন যাত্রী পুড়ে মারা যান। আনুমানিক ১৫০ জন যাত্রী দগ্ধ হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নৌযানটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র, লাইফ বয়া, বালির বাক্স ও বালতি ছিল না। ইঞ্জিন রুমের বাইরে অননুমোদিতভাবে অনেকগুলো ডিজেলবোঝাই ড্রাম ও রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ছিল বলে মামলায় অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/সাহিদুল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী