বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসান মো. শওকত আলী। বুধবার (১ এপ্রিল) তিনি সিএমপির ৩৪তম কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সদ্য বিদায়ী কমিশনার হাসিব আজিজের এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর লালদিঘীস্থ সিএমপি সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন নতুন কমিশনার। সভায় তিনি বলেন, নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপোস করা হবে না। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকল কর্মকর্তাকে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
একই সঙ্গে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর জোর দেন নতুন সিএমপি প্রধান। নগরীর সার্বিক নিরাপত্তা জোরদারে সমন্বিত পদক্ষেপ গ্রহণের কথাও তুলে ধরেন তিনি।
এ সময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সিএমপির বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাবসহ গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, হাইতি ও মালিতে সফলভাবে দায়িত্ব পালন করেন তিনি। সিএমপিতে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিআইজি (লজিস্টিক) হিসেবে কর্মরত ছিলেন।
বিএনএ
![]()

