বিএনএ, ঢাকা: অ্যাডলফ হিটলারের প্রশংসা করার অভিযোগে আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি-কে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভিসা বাতিল করা হয়।
আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টে বলা হয়, তিনি অস্ট্রেলিয়ায় ইসলামি বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলেন। তার নির্ধারিত সফরে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত ভিসা বাতিল হওয়ায় তার কর্মসূচি বাতিল হয়ে যায়।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম ও কর্তৃপক্ষের বরাতে জানা যায়, ইহুদি বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি তার বক্তব্যে হিটলারকে ইহুদিদের বিরুদ্ধে শাস্তি হিসেবে প্রশংসা করেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য অনলাইন সংবাদমাধ্যম ডেইলি মেইল-এ প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন কমিউনিটি গ্রুপ এবং নাগরিক সংগঠনগুলো অস্ট্রেলিয়ার সংসদ সদস্যদের আগে থেকেই সতর্ক করেছিল। তার মতে, এই ধরনের ব্যক্তির উপস্থিতি সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারির বিরুদ্ধে ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের অভিযোগ ওঠে। সেখানে তিনি হলোকাস্টকে প্রশংসা করেছেন এবং ইহুদি জনগোষ্ঠীকে অমানবিকভাবে উপস্থাপন করেছেন বলেও দাবি করা হয়। এছাড়া, তিনি হিটলারকে ‘ইহুদিদের জন্য ঈশ্বরের শাস্তি’ হিসেবে উল্লেখ করেন বলে অভিযোগ রয়েছে।
বিএনএ/ওজি
![]()

