বিএনএ, ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে বলেছেন, ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে এজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।
রমনায় ডিএমপির পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খাগড়াছড়িতে একটা মহল ঘোলাটে করার চেষ্টা করছে। দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলছে। এই উৎসব শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতিনেওয়া হয়েছে। কিন্তু একটা মহল চেষ্টা করছে এই উৎসবটা যেন ভালোভাবে না হয়। একটা মহলই খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন, তিনি সার্বিক বিষয় দেখছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপরে থেকে ফায়ার করছে। এ অস্ত্রগুলো বাইরে থেকে আসছে। আমি অবশ্য সেই দেশের নাম বলতে চাই না। এসব প্রতিহত করতে হলে সবার সাহায্য-সহযোগিতা দরকার হবে।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে। অবরোধ করে যেন কেউ রাস্তা-ঘাট বন্ধ না করে। নির্বিঘ্নে পূজা উদযাপনে সবার সহযোগিতা দরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
বিএনএ/শাম্মী
![]()

