বিএনএ বিশ্বডেস্ক: মঙ্গলবার ( ২৪ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাঘচির অনুরোধে অনুষ্ঠিত এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে দ্রুত শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।
আলোচনায় ওয়াং ই বলেন, সংকটপূর্ণ বিষয়গুলো শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, বরং সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। তিনি আরও বলেন, চীন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ অবস্থান বজায় রাখবে, সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করবে এবং শান্তি আলোচনাকে এগিয়ে নিতে কাজ করবে, যাতে অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে চীনকে অবহিত করেন এবং জরুরি মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, হরমুজ প্রণালী সব দেশের জন্য উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচল নিরাপদ। তবে যারা ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত, তাদের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নয়।
আরাঘচি আশা প্রকাশ করেন, সব পক্ষ উত্তেজনা বাড়ানোর পরিবর্তে তা কমাতে কার্যকর পদক্ষেপ নেবে এবং শান্তি প্রতিষ্ঠায় চীন গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।
তিনি জোর দিয়ে বলেন, ইরান অস্থায়ী যুদ্ধবিরতির বদলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায়।
বিএনএ/শাম্মী
![]()

