বিএনএ, ডেস্ক : বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সঙ্কটের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বিশেষ বৈঠক করছেন সরকারের নীতিনির্ধারকরা। বুধবার (২৫মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা ঘিরে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব মোকাবেলায় সরকার দ্রুত পদক্ষেপ হিসেবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এই কমিটি আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করবে।
এদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাফতরিক কাজ সারেন। পরে ডাক টিকেট উন্মোচন করেন।
বিএনএ/ ওজি
![]()

