বিএনএ, সীতাকুন্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভুঁইয়া হত্যা মামলার আর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে কালা বাচ্চু ওরফে কালু নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব সদস্য হত্যা মামলার ১৯ নম্বর আসামি তিনি।
ওসি মো. মাহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় র্যাবের একজন উপসহকারী পরিচালক বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে ইতোমধ্যে মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের ১নং ওয়ার্ডে ছিন্নমূল এলাকায় কালুর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় কালু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়।
বিএনএ/শাম্মী
![]()
