বিএনএ, ঢাকা : চলমান অস্থিরতা আর উৎপাদন ব্যাহত হওয়ায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। মাত্র ১৮ দিনের ব্যবধানে (১ থেকে ১৮ নভেম্বর) বিজিএমইএ-র ৩১৭টি সদস্য কারখানারই উৎপাদন ক্ষতি ছাড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ (৪২৮ মিলিয়ন) মার্কিন ডলার।
রোববার (২২ নভেম্বর) এক জরুরি জরিপের বরাত দিয়ে ক্ষয়ক্ষতির এই চিত্র তুলে ধরেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটির হিসাব বলছে, আর্থিক ক্ষতির ধাক্কাটা দ্বিমুখী। একদিকে সরাসরি উৎপাদনে ৪২ কোটি ৮০ লাখ ডলারের লোকসান গুনতে হয়েছে, অন্যদিকে হাতছাড়া হয়েছে বড় অঙ্কের বিদেশি ক্রয়াদেশ। এই ১৮ দিনে ক্রেতারা ৫ কোটি ৯০ লাখ (৫৯ মিলিয়ন) পিস পোশাকের নিশ্চিত অর্ডার বাংলাদেশ থেকে অন্য দেশে সরিয়ে নিয়েছেন—যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ ডলার।
সংকট এখানেই থামছে না। নির্ধারিত সময়ে পণ্য জাহাজে তুলতে না পারায় হাতে থাকা বেশির ভাগ অর্ডারই এখন চরম ঝুঁকিতে। ক্রেতাদের ধরে রাখতে কারখানা মালিকদের পকেট থেকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। কেউ লোকসান দিয়ে ব্যয়বহুল এয়ার শিপমেন্টে পণ্য পাঠাচ্ছেন, কেউবা ক্রেতাদের বড় অঙ্কের মূল্যছাড় দিতে বাধ্য হচ্ছেন। এরপরও শেষ রক্ষা হচ্ছে না; অনেক ক্ষেত্রে সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখে পড়ছেন উদ্যোক্তারা।
বিজিএমইএ সতর্ক করে জানিয়েছে, টানা এই অস্থিরতায় কারখানাগুলোর স্বাভাবিক সচলতা ও ব্যবসা-বাণিজ্য চরম চাপে পড়েছে। ক্ষতির এই ধাক্কা কেবল মালিকদের লোকসানে সীমাবদ্ধ থাকছে না; এর সরাসরি আঘাত লাগছে শ্রমিকদের কর্মসংস্থান এবং দেশের সামগ্রিক রপ্তানি আয়ে।
বিএনএনিউজ/মুন্না।
![]()

