26 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ

সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ


বিএনএ, ঢাকা : জুলাই গণ-অভ্যুত্থানের সময় উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সেফাতুল্লাহ শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে দেন। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দিন।

আদালতে নাহিদের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী সাথী সাহা। তিনি বলেন, ঘটনার অনেক আগেই নাহিদ রাজনীতি ও সব ধরনের পেশা থেকে অবসর নিয়েছেন। রাজপথে মিছিল করা বা নেতৃত্ব দেওয়ার মতো বয়স ও ধৈর্য এখন আর তার নেই।

আইনজীবী আরও বলেন, ‘তিনি অসুস্থ, বয়স্ক মানুষ। জামিন দিলে তিনি পলাতক হবেন না।’

অন্যদিকে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করেন।

এর আগে বুধবার রাত ২টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে এই মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন সাদিকুল। ওই দিন বিকেল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা আন্দোলনকারীদের ধাওয়া করে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালান। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।

পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ