বিএনএ, ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শেষে, ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে।
নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন জামায়াত কর্মী এক সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন। এ নিয়ে উপস্থিত সাংবাদিকরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় জামায়াতের কয়েকজন কর্মী দৈনিক সকালের রিপোর্টার সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের কলার চেপে ধরে তাকে ঘুষি মারেন ।এতে তিনি পড়ে গেলে তাকে লাথিও মারা হয়। পরে সহকর্মীরা শিশিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে সাংবাদিক মাহফুজুর রহমান শিশির বলেন, জামায়াত কর্মীরা মারধর করে আমাকে আহত করেছেন, এটা লজ্জার। তিনি আরও বলেন, আপনারা (জামায়াতে ইসলামী) তো সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন। একজন সাংবাদিকের কলার ধরা আর তাকে মারধর করা কি আপনাদের সেই স্বাধীনতার নমুনা?
সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসদাচরণ সমর্থন করি না। ফুটেজ দেখে আমরা এই ঘটনায় জড়িতদের শনাক্ত করব এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। কোনো বহিরাগত এর সঙ্গে জড়িত ছিল কি না- তাও আমরা তদন্ত করে দেখব।
বিএনএ/শাম্মী
![]()

