বিএনএ, ডেস্ক : ছায়ানটে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি মামলা হয়েছে।রোববার (২১ ডিসেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি জানান, ধানমন্ডি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ২০ ডিসেম্বর রাতে একটি মামলা দায়ের হয়। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।
ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ওসমান হাদির মৃত্যুর খবরের পর রাতে দুর্বৃত্তরা ধানমন্ডি ছায়ানটের ভেতরে ঢুকে সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা এবং বিভিন্ন কক্ষে ভাঙচুর ও হামলা চালায় এবং সেগুলোকে পুড়িয়ে দেয়।
ঘটনার পর ছায়ানট পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন।
বিএনএ/ ওজি
![]()
