বিএনএ, ঢাকা: শনিবার ফিলাডেলফিয়ায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩ গোলে হারায় ব্রাজিল। প্রথমার্ধের শেষে গোল উৎসবের আভাস দিয়েছিল ব্রাজিল। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা৷
পরিসংখ্যান কিংবা শক্তিমত্তায় যে আফ্রিকান দেশটা থেকে ব্রাজিল বহু এগিয়ে তাই যেন দেখা গেল মাঠে। ৫৬ শতাংশের বেশি সময় বল নিজেদের পায়ে রাখে দলটা, টার্গেটে রাখে ৫টি শট।
১২ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্রাজিল। হাইতির জালে বলও জড়ান রাফিনহা। উল্লাসে মেতে উঠে গ্যালারি। তবে এরপর রেফারি অফসাইড দেখিয়ে গোল বাতিল করে দেন।
এরপর আবারো রাফিনহা সুযোগ পান ২২ মিনিটে। ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতি গোলকিপারকে একা পেয়েও অবিশ্বাস্যভাবে গোল মিস করেন বার্সেলোনা স্টার।
তবে মিনিট না ঘুরতেই উদযাপনের উপলক্ষ পেয়ে যায় ব্রাজিল। ২৩ মিনিটে গোল এনে দেন ম্যাথিউস কুনহা। যদিও সুযোগটি তৈরি করেন ভিনিসিউস জুনিয়র। বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নেন তিনি।
তবে হাইতি গোলকিপার জনি প্লাসিড শটটি ঠেকিয়ে দেন। তবে তিনি বল নিয়ন্ত্রণে নেয়ার আগেই ফিরতি বলে কুনহার শট আশ্রয় নেয় জালে। এগিয়ে যায় ব্রাজিল।
৩৬ মিনিটে আসে দ্বিতীয় গোল। এবারও গোলদাতা কুনহা। এই গোলেও জড়িয়ে আছে ভিনিসিউস জুনিয়রের নাম। তার ডিফেন্সচেরা থ্রু পাসে বল জালে জড়ান কুনহা।
আর বিরতির ঠিক আগে যোগ করা সময়ে গোল করেন ভিনিসিউস। গোলকিপার জনি প্লাসিডকে একা পেয়ে তার দুই পায়ের ভেতর দিয়ে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা। স্কোর হয় ৩-০।
এর মাঝেই অবশ্য রাফিনহাকে হারাতে হয়েছে ব্রাজিলকে। চোটের কারণে ৪০ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলে মাঠে আসেন ১৯ বছর ৩২০ দিন বয়সী রায়ান।
বিএনএ/ওজি
![]()

