বিএনএ, ঢাকা : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল থেকে শামস সুমনের মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছে অভিনেতা সুজাত শিমুল। শামস সুমন রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আই এর অনুষ্ঠান বিভাগের পরিচালক ছিলেন।
অভিনয়শিল্পী সংঘ জানায়, মরহুম-এর জানাজার নামাজ আগামীকাল (১৮ মার্চ) সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
শামস সুমন সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে অনিয়মিত হলেও রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি অভিনয়শিল্পী সংঘের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
মঞ্চ, টেলিভিশন, বিজ্ঞাপন ও সিনেমায় বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে মনজয় করা শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর সদস্য ছিলেন।
অসংখ্য নাটকের পাশাপাশি তিনি অভিনয় করেছেন-মন জানে না মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২) প্রভৃlতি সিনেমায়।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

