বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের শুলকবহর এলাকায় তোফাজ্জল আলী চৌধুরী ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী ও আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন চৌধুরীর অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর) শুলকবহর জান মোহাম্মদ চাকলাদার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মুসল্লি, এস্টেটের ওয়ারিশ ও ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।
একই সময়ে চট্টগ্রাম ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সিনিয়র পরিদর্শক মো. সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে একটি তদন্ত দল উপস্থিত থেকে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে। উপস্থিতরা অভিযোগ করেন, বর্তমান মোতোয়াল্লী আব্বাস উদ্দিন চৌধুরী এস্টেটের সম্পত্তি দখল ও অনিয়মে জড়িত। তাঁকে অপসারণ করে এস্টেটের ওয়ারিশ আলহাজ ইউনুস চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র নজরুল ইসলাম চৌধুরীকে নতুন মোতোয়াল্লী হিসেবে নিয়োগের দাবি জানান তারা।
তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন বলেন, “উপস্থিতদের মতামত লিখিতভাবে লিপিবদ্ধ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।”
তদন্ত চলাকালে অভিযুক্ত মোতোয়াল্লী আব্বাস উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন না। তবে তাঁর পুত্র মো. মানিক চৌধুরী মজলিসে উপস্থিত থেকে নীরব ভূমিকা পালন করেন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কামাল হোসেন প্রশাসনের প্রতি দ্রুত সময়ের মধ্যে আব্বাস উদ্দিন চৌধুরীর অপসারণ ও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিএনএ/শাম্মী
![]()

