বিএনএ, বিশ্বডেস্ক: গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের হামলায় পাঁচজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
তবে নিহতদের মধ্যে রায়েদ সাদ আছেন কি না, হামাস কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি। হামাস বলছে, গাজা সিটির বাইরে একটি বেসামরিক গাড়িতে হামলা চালানো হয়েছে এবং ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে নাবুলসি জংশনে একটি ইসরায়েলি ড্রোন একটি গাড়িতে আঘাত করেছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ করেছে, হামাসকে পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন কমান্ডার সাদ। ইসরায়েলের দাবি সঠিক হলে অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর সাদ’ই ইসরায়েলের হাতে নিহত হওয়া হামাসের সর্বশেষ হাই প্রোফাইল কমান্ডার। হামাসের বিভিন্ন সূত্র তাকে ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ-এর পরে গ্রুপের সশস্ত্র শাখার সেকেন্ড-ইন-কমান্ড হিসাবেও বর্ণনা করেছে।
উল্লেখ্য, গত অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে ৩৮৬ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী।
বিএনএ/শাম্মী
![]()
