বিএনএ, নারায়নগঞ্জ : জেলার সদর উপজেলায় ফতুল্লা থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলায় ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আব্দুর রহিমের ছেলে মো. রানা (২২)।
দেলোয়ার মৃধা ও মো. রানা দু’জনেই সপরিবার ফতুল্লার ভোলাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দেলোয়ার পেশায় রাজমিস্ত্রি ছিলেন। রানা একটি পোশাক কারখানায় কাজ করলেও আজ ছুটির দিন হওয়ায় দেলোয়ারের সঙ্গে কাজে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাইল গেদ্দারবাজার এলাকায় স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিনের একটি ভবন নির্মাণের কাজ চলছে। আজ দুপুরে ওই ভবনের দোতলায় সাটারিংয়ের কাজ করার সময় নিচতলার পানির ট্যাংকের ভেতর থেকে কাঠ আনতে নামেন রানা। দীর্ঘক্ষণ রানার কোনো সাড়াশব্দ না পেয়ে তাকে উদ্ধারের জন্য দেলোয়ার ট্যাংকে নামেন। একপর্যায়ে তারা দু’জনেই ভেতরে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, ধারণা করা হচ্ছে অক্সিজেনের অভাবেই তারা দু’জন ভেতরে অচেতন হয়ে পড়েছিলেন।
নারায়ণগঞ্জ ৩০০-শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, দুইব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

