বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে নগরের বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে ।
পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ সন্ত্রাসী আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। নগর পুলিশের করা ৩০০ দুষ্কৃতকারীর তালিকায় মোরশেদ খানের নাম রয়েছে। তিনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে থাকেন।
আহতরা হলেন- মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ফাহিম। এর মধ্যে ফাহিম ১২ বছরের শিশু। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত চার জনের পায়ে ছররা গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোরশেদ খান ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসেন। এর আগে তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। মোরশেদ খান এলাকায় ফিরে এলে তার প্রতিপক্ষ সোবাহান ও শওকত তাকে মারধর করে এলাকাছাড়া করেন। এই ঘটনার জেরে মোরশেদ খানের অনুসারীরা শনিবার আকস্মিকভাবে প্রতিপক্ষের অনুসারীদের লক্ষ্য করে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে প্রতিপক্ষের কেউ আহত না হলেও পথচারী, সিএনজিচালিত অটোরিকশা চালক ও ময়দার মিলের কর্মচারী আহত হন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, পূর্ববিরোধের জেরে সন্ত্রাসী মোরশেদ খানের অনুসারীরা গুলি করলে পথচারীরা আহত হন। এ ঘটনায় পরে পুলিশ অভিযান চালিয়ে মোরশেদ খানের পাঁচ অনুসারীকে আটক করে। ঘটনায় জড়িত অস্ত্রধারী ও বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
বিএনএ/শাম্মী
![]()

