বিএনএ ডেস্ক: সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সোমবার (২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এই চিঠিটি প্রদান করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের ক্রান্তিলগ্নে কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন। এছাড়া, বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধেও তিনি কোনো ব্যবস্থা নেননি এবং এখন পর্যন্ত এই বিষয়ে অনুতপ্ত হয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা অবস্থান স্পষ্ট করেননি।
তিনি আরও উল্লেখ করেন, গত ২০ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি কেবল জুলাই বিপ্লবের চেতনাকেই অবমাননা করেননি, বরং প্রকৃত সত্যকেও বিকৃতভাবে উপস্থাপন করেছেন। এর মাধ্যমে তিনি তাঁর পদের শপথ ভঙ্গ করেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের আইনি অধিকার হারিয়েছেন।
শেষে চিঠিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে সংসদের অধিবেশন আহ্বান বা সংসদে ভাষণ প্রদানের অনুমতি না দেয়ার ব্যবস্থা নিতে। অথবা প্রধানমন্ত্রী তার সুবিধামত ব্যবস্থা নেবেন বলে চিঠিতে অনুরোধ করা হয়েছে। এই অনুরোধ শুধু ব্যক্তিগত নয়, জনগণেরও আকাঙ্ক্ষা।
বিএনএ/শাম্মী
![]()

