26 C
আবহাওয়া
৩:২০ অপরাহ্ণ - অক্টোবর ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে


বিএনএ ডেস্ক: সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি ৭ জনের মরদেহ দেশে পৌঁছেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকেই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দীর্ঘদিন পর প্রিয়জনের মরদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ ফ্লাইটে শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ২১ মিনিটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

প্রসঙ্গত, ৯ আগস্ট রিয়াদে সংঘটিত ওই অগ্নিকাণ্ডে মৃত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছিল। বাকি ৭ জনের মরদেহ মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়।

শনাক্ত হওয়া এই ৭জন হলেন- নওগাঁ জেলার সদর উপজেলার পার নওগাঁ গ্রামের শাহিন, আত্রাই উপজেলার দুবাই গ্রামের হাসিবুল হাসান, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার এবং সাহানগর গ্রামের সাগর আলী। এছাড়া নাটোরের লালপুর উপজেলার দীঘিরপাড়া গ্রামের মোহাম্মদ শামীম ও খাজুরা গ্রামের শরিফ হোসেন রয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী জানান, ১০ অক্টোবর থেকে রিয়াদের সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় মরদেহগুলো সড়কপথে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকেই বিমানে করে মরদেহগুলো ঢাকায় আনা হয়েছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ