27 C
আবহাওয়া
১:৫৩ পূর্বাহ্ণ - মে ২৮, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি


বিএনএ, ঢাকা: আজ শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের লেথাল উইপেন (মরণাস্ত্র) ব্যবহার করবে না।

নির্বাচনকালীন রাজধানী ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবি হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানানো হয়।

কর্নেল এস এম আবুল এহসান বলেন, রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ তথা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত। ভোটাররা যেন ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।

এছাড়াও নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবি হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা দেখছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা দেখছি না। আমাদের মহাপরিচালকের নির্দেশ, আমরা নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবো না।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও জানান কর্নেল এস এম আবুল এহসান।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ