বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি পৌর সভায় মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিবিরহাট এলাকার কামাল ভবন থেকে গৃহবধূ আফরোজা আফরিন (২৬) ও তার দেড় বছরের শিশু কন্যা আতকিয়া আয়েশার (১৬ মাস) মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আফরোজা আফরিন তার শিশুকন্যাকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। দীর্ঘ সময় কেটে গেলেও সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লোহার দরজা ভেঙে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।নিহত আফরিনের স্বামী মো. আনোয়ার হোসেন বিবলো একজন এনজিও কর্মী।
শ্বশুর কামাল উদ্দিন জানান, তার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— আফরোজা আফরিন আত্মহত্যার আগে তার শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিএনএ/ ওজি
![]()

