30 C
আবহাওয়া
১২:১৫ অপরাহ্ণ - অক্টোবর ২১, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে সংঘর্ষে আহত ১৫


বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন তাঁকে মারধর করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় সর্দাররা বসেন। সেখানে তর্ক-বিতর্কের একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে টর্চলাইটের আলোয় চলা এ সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারও আহত হন। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সরাইল-আশুগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে সংঘর্ষ থামলেও দুই পক্ষ সড়কের দুই প্রান্তে অবস্থান করছে। তাঁদের শান্ত করার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/মুন্না।

Loading


শিরোনাম বিএনএ