30 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - অক্টোবর ২০, ২০২৬
Bnanews24.com
Home » নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১৪


বিএনএ, নাটোর :  নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩২ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পটুয়াখালীর কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুড়িগ্রাম থেকে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতদের মধ্যে যাঁদের পরিচয় পাওয়া গেছে, তাঁরা হলেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজীরহাট গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ হোসেন (৩০), বড়কান্দি গ্রামের জহুর উদ্দিনের ছেলে জুয়েল রানা (৪০), ডুবিসাহেবের গ্রামের জাহান উদ্দিন মোল্লার ছেলে শালাল মোল্লা (৪৫), কাজীরহাট গ্রামের শাহিন হোসেন (২৫), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও বাসটির চালক সোহেল রানা (৪০), বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০) এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে তাছফিয়া খাতুন (৮)।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ও ভারপ্রাপ্ত ইনচার্জ আলমগীর হোসেন এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন উপপরিচালক আক্তার হামিদ খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে সড়ক দুর্ঘটনা এবং দুর্ঘটনাকবলিত যান দুটি রাস্তার ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে উদ্ধারকারী দল ও স্থানীয়দের প্রচেষ্টায় সড়ক পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়।

বিএনএ/মুন্না।

Loading


শিরোনাম বিএনএ