28 C
আবহাওয়া
৪:৩২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৬
Bnanews24.com
Home » প্রিপেইড মিটারে থাকছে না মাসিক চার্জ: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড মিটারে থাকছে না মাসিক চার্জ: বিদ্যুৎমন্ত্রী


বিএনএ ডেস্ক: বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খুব দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, “প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মাঝে দীর্ঘদিন ধরেই এক ধরণের অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমরা এই মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে রিচার্জ করার সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে গুনতে হয়। গ্রাহকদের অভিযোগ ছিল— মিটারের নির্ধারিত দাম পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর ধরে এই চার্জ কেন নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন নাগরিক সংগঠন এই চার্জ বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সরকার গ্রাহকের পকেটের টাকা সাশ্রয় করতে এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ