33.1 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - জুন ২৮, ২০২৬
Bnanews24.com
Home » দেশে হঠাৎ কেন সাদা-কালো পতাকা? ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র!

দেশে হঠাৎ কেন সাদা-কালো পতাকা? ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র!


বিএনএ, ঢাকা: গত ১৭ই জুন, এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকার। আর তাতেই তোলপাড় পুরো দক্ষিণ এশিয়া! ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার সরাসরি দাবি করে বসলেন—বাংলাদেশে নাকি ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী ‘হামাস’ সক্রিয় ভূমিকা পালন করছে! কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দেওয়া এই বিতর্কিত বিবৃতির ঠিক পরপরই—ঢাকার মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মিরপুর থেকে শুরু করে নারায়ণগঞ্জ, ফেনী আর চট্টগ্রামের রাস্তায় হঠাৎ দেখা গেল এক রহস্যময় দৃশ্য। শত শত সাদা-কালো আরবী লেখা কালেমার পতাকা! প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক কোনো ভূ-রাজনৈতিক চাল? কারা লাগাচ্ছে এই পতাকা?

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম বাংলা ট্রিবিউনসহ বেশ কয়েকটি মূলধারার সংবাদমাধ্যম একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে। রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড়, তাজমহল রোড, জেনেভা ক্যাম্প, গাবতলী, যাত্রাবাড়ী, শনির আখড়াসহ প্রায় পুরো ঢাকা শহরের মোড়ে মোড়ে আরবী লেখা সম্বলিত সাদা-কালো পতাকা ঝুলতে দেখা গেছে। শুধু ঢাকা নয়, ঢাকার বাহিরেও এই একই ধরনের পতাকা ঝোলানোর হিড়িক পড়েছে। এমনকি যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে এই পতাকা নামানোর প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারী পাবনা, ফরিদপূর যশোরসহ আরও বেশ কয়েকটি জেলায় এ ধরনের সাদা পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—হঠাৎ কেন এই রহস্যময় পতাকার সয়লাব?

শুধু পতাকা টাঙানোই নয়, বিভিন্ন স্থানে পতাকা হাতে শোডাউন করতেও দেখা যাচ্ছে। এসব শোডাউনের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।  শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর কাকরাইল মস‌জিদ-সংলগ্ন সড়কেও এমন একটি শোডাউন দেখা গেছে। এতে মোটরসাইকেল মিছিলে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত যুবক। তা‌দের হাতে দেখা গেছে এমন আরবি লেখা সম্বলিত সাদা পতাকা।  মিছিল হয়েছে, চট্টগ্রাম, ফরিদপুর পাবনা যশোহর সহ বিভিন্ন জেলা- উপজেলায়।

নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কের শিবু মার্কেট এলাকার ওভারপাসের বৈদ্যুতিক খুঁটিতেও সাদা পতাকা উড়তে দেখা গেছে। সড়কের দুই পাশে একশটির বেশি পতাকা লাগানো হয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,গত বুধবার রাতে মাদ্রাসার কিছু ছাত্র এসে আরবি হরফে কালেমা খচিত সাদা পতাকাগুলো সড়কের মাঝখানের লাইটপোস্টে টাঙিয়ে দিয়ে যায়।  অথচ আইনশৃঙ্খলা বাহনী কিছুই জানে না।!

ঘটনার টাইমিং বা সময়টা লক্ষ্য করেছেন? ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার যখন কোনো দালিলিক প্রমাণ ছাড়াই দাবি করলেন যে, বাংলাদেশে ৭ই অক্টোবরের পর থেকে হামাসের তৎপরতা বেড়েছে, তার ঠিক পরপরই এই পতাকাগুলো দৃশ্যমান হলো। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং এদেশের মানুষ প্রাকৃতিকভাবেই ফিলিস্তিনের মজলুম মানুষের পক্ষে। কিন্তু এই আবেগকে পুঁজি করে কেউ কি বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে ‘জঙ্গি রাষ্ট্র’ বা ‘উগ্রপন্থী দেশ’ হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল ইতিমধ্যেই প্রচার শুরু করেছে যে, বাংলাদেশে নাকি আইএস বা হামাসের মতো সংগঠন ঘাঁটি গেড়েছে। কিন্তু আসল সত্যিটা কী?

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল আয়োজন, এতো জায়গায় পতাকা লাগানো হলো—কিন্তু এর নেপথ্যে আসলে কারা আছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে! প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে । তবে প্রশ্ন থেকেই যায়, গোয়েন্দা নজরদারি এড়িয়ে এতো বড় ঢাকা শহর এবং ঢাকার বাহিরের জেলাগুলোতে কীভাবে রাতারাতি এই পতাকাগুলো টানানো সম্ভব হলো? এটা কি কোনো নিষিদ্ধ সংগঠনের শক্তি প্রদর্শন, নাকি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ঘোলাটে করতে কোনো মহলের সুদূরপ্রসারী ষড়যন্ত্র?

বাংলাদেশ সবসময়ই ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে এবং শান্তির পক্ষে অবস্থান নিয়ে এসেছে । কিন্তু দেশের ভেতরে কোনো প্রমাণ ছাড়া বিদেশি শক্তির এমন মন্তব্য এবং তার পরপরই এই রহস্যময় পতাকার রাজনীতি—সাধারণ জনগণকে সতর্ক হওয়ার বার্তা দেয়। কোনো পক্ষ যাতে আমাদের ধর্মীয় আবেগকে ব্যবহার করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে না পারে, সেদিকে নজর দেওয়া এখন সময়ের দাবি।

বিএনএ/ শামীমা চৌধুরী শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ