29 C
আবহাওয়া
১১:৫৯ পূর্বাহ্ণ - আগস্ট ২৪, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে একটি জনপ্রিয় খাবার উৎসবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গুলিবর্ষণে অন্তত দুজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় সিয়াটলের বিখ্যাত ‘স্পেস নিডল’ টাওয়ারের কাছে ‘সিয়াটল সেন্টারে’ আয়োজিত উৎসব চত্বরে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা প্রায় ছয়টার দিকে সিয়াটল সেন্টারে চলমান ‘বাইট অব সিয়াটল’ খাবার উৎসবে হঠাৎ গুলির ঘটনা ঘটে। খবরের পর বিপুলসংখ্যক পুলিশ সদস্য, দমকলকর্মী ও জরুরি সেবা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

হারবারভিউ মেডিকেল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, তাদের হাসপাতালে চারজন আহতকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক ছোট শিশু, ২৩ বছর বয়সী এক তরুণ এবং দুজন প্রাপ্তবয়স্ক নারী রয়েছেন। ভর্তি হওয়া আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সময় উৎসবে উপস্থিত থাকা এস্তান ওয়াকোনাবো নামের এক প্রত্যক্ষদর্শী ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনায় বলেন, তিনি ও তার বান্ধবী একটি ফটো বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ আশপাশের মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে।

ওয়াকোনাবো আরও বলেন, ‘আমি যখন পরপর গুলির শব্দ শুনলাম, তখনই বুঝতে পারলাম কোনো বন্দুকধারী আক্রমণ চালিয়েছে।’ তিনি প্রথমে বান্ধবীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরে ফিরে এসে মাটিতে একাধিক আহত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।

উল্লেখ্য, ‘বাইট অব সিয়াটল’ শহরটির অন্যতম ঐতিহ্যবাহী ও বৃহৎ খাবার উৎসব। ১৯৮২ সালে শুরু হওয়া তিন দিনব্যাপী এই বৈচিত্র্যময় আয়োজনে প্রতিবছর প্রায় সাড়ে তিন লাখ মানুষ অংশ নেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ