বিএনএ,ঢাকা: শক্তিশালী টাইফুন ‘নউল’ দ্রুত চীনের দক্ষিণ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এ ব্যাপারে ব্যাপক সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় ইতোমধ্যে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এ
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত হংকং ও গুয়াংডং প্রদেশের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানতে পারে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আবহাওয়া বিভাগ চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ ‘কমলা সতর্কতা’ বহাল রেখেছে। পূর্বাভাসে বলা হয়েছে, গুয়াংডং এবং পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের কয়েকটি এলাকায় প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এ দিকে স্থানীয় প্রশাসন চাওঝৌ শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ও অন্যান্য ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
জলবায়ু বিশেষজ্ঞদের মতে, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, যার কারণে টাইফুন, বন্যা ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা আগের তুলনায় আরও ঘন ঘন এবং অধিক তীব্র হয়ে উঠছে।
বিএনএ/ওজি
![]()

