24 C
আবহাওয়া
১১:০৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হিট স্ট্রোকের ভয়ে রাতে ধান কাটছেন চাষিরা

হিট স্ট্রোকের ভয়ে রাতে ধান কাটছেন চাষিরা

ধান

বিএনএ ডেস্ক: সারাদেশের ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এর প্রভাব পড়েছে জনজীবনে। আর এই তাপদাহের ফলে বিপাকে পড়েছেন শরীয়তপুরের ধানচাষিরা। অতিরিক্ত গরমে দিনের বেলা হিটস্ট্রোকের ভয়ে পারছেন না পাকা ধান কাটতে। তাই বাধ্য হয়ে ধান কাটার সময় হিসেবে রাতের বেলা বেছে নিয়েছেন অনেক চাষি।

বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে সরেজমিনে বেশ কয়েকটি ধানের জমিতে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে দুলছে সোনালী ধান। অধিকাংশ জমির ধান এখন পেকে গিয়েছে। দিনের বেলা প্রখর রোদের তাপ থাকায় রাতের বেলা চাঁদের আলোয় ধান কাটছেন চাষিরা।

চর কাশাভোগ এলাকার চাষি আজিজুল শিকদার জানান, এ বছর ৭০ শতাংশ জমিতে বোরো ধানের চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় খুশি। তবে বিপাকে পড়েছেন ধান পাকার পর। প্রচণ্ড তাপদাহে দিনে হিটস্ট্রোকের ভয়ে মাঠে নামছেন না। তাই বাধ্য হয়ে রাতে চাঁদের আলোয় ধান কাটছেন। এতে অনেকটাই স্বস্তি মিলেছে তার।

আঙ্গারিয়া ইউনিয়নের দক্ষিণ কাশাভোগ এলাকার চাষি জামাল শিকদার বলেন, প্রচণ্ড তাপদাহের কারণে দিনের বেলা শ্রমিক পাওয়া যাচ্ছিল না। এতে বেশ বিপাকে পড়ে যাই। পরে আমার এক ভাই রাতে ধান কাটার পরামর্শ দেয়। পরে তিনজন শ্রমিক ও দুই ভাই মিলে রাতে ধান কাটা শুরু করি। দিনের তুলনায় রাতে বেশি ধান কাটা যায়।

চাঁদের আলোয় ধান কাটার দেখতে আসা সাইফুল ইসলাম নামে একজন বলেন, জীবনের প্রথম রাতে ধান কাটা দেখলাম। এ বছর তাপদাহ অনেক বেশি, যে কারণে দিনের বেলা কেউ কাজ করতে চায় না। তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকত, তাহলে চাষিদের ধান কাটা আরও সহজ হতো।

শরীয়তপুর জেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার ছয়টি উপজেলায় ২৫ হাজার ৫২৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ২৫ হাজার ১৯০ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ১ লাখ ১৫ হাজার ৯০৬ মেট্রিক টন। গত বছরের তুলনায় এ বছর উৎপাদন বেড়েছে ৩৩৬ হেক্টর জমিতে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোহাম্মদ রিয়াজুর রহমান বলেন, তীব্র তাপদাহে কৃষকদের দিনের বেলা ধান কাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কারণ অতিরিক্ত গরমে কাজ করলে তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাই যারা এই গরমে মাঠে কাজ করবেন তাদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি মাথায় টুপি ও গাছের ছায়ায় বিশ্রাম নিতে হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে