বিএনএ, ঢাকা : রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’ এর শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের নীরব ভূমিকার কারণে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শোকজ করেছেন আদালত। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশনা দেন।
আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে দেখা যায়, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটের ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। ঘটনাস্থলে কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও পাশে থাকা পুলিশ সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এর পাশাপাশি নবীন ব্র্যান্ডের পাঞ্জাবির দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় আদালতে জমা দিতে বলেছেন আদালত।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

