27.6 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - জুলাই ৫, ২০২৬
Bnanews24.com
Home » পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


বিএনএ, ঢাকা: বর্তমান সরকার পিলখানা হত্যাকান্ডে নতুন কোনো তদন্ত কমিশন করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের রিপোর্ট আমাদের সামনে আসছে। অন্তর্বর্তী সরকারের সময় এই রিপোর্ট বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি কয়েকদিন আগেই এই রিপোর্টটা পুরো না দেখেই কিছু কথা বলেছি, যেগুলো আজ সংশোধন করতে চাই। আমরা নতুন করে আর কোনো তদন্ত কমিশন করবো না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে যারাই জীবন দিয়েছেন তারা চিরস্মরণীয়। পিলখানার নৃশংসতম হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করার জন্য তৎকালীন সরকার কমিটি করেছিল। শেষ পর্যন্ত তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

শহীদ পরিবার ও এই জাতিকে আশ্বস্ত করে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদের জাতীয় জীবনে আর দেখতে না হয় । সেজন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া জরুরি সমস্ত পদক্ষেপগুলো আমরা নেবো।

পিলখানা হত্যাকান্ড দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল। সেনাবাহিনীকে দুর্বল করাই ছিল এর লক্ষ্য। এ কাজটা তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ