বিএনএ, ডেস্ক : কলম্বিয়ার সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) ভোরে দেশটির পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে উড্ডয়নের কিছুক্ষণ পরে এ দুর্ঘটনা ঘটে।বিমানটিতে মোট ১২৫ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ১১৪ জন সেনা কর্মকর্তা ও ১১ জন বিমান ক্রু ছিলেন।
সামরিক সূত্রের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে ৫৮ জন সেনা, ছয়জন বিমানবাহিনীর সদস্য এবং দুইজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। বিমানটি থেকে এ পর্যন্ত ৪৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ।
বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিল মার্কিন সমরাস্ত্র ও যুদ্ধযান নির্মাতা কোম্পানি লকহিড মার্টিনের তৈরি একটি হারকিউলিস সি-১৩০ বিমান। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, বিমানবন্দর থেকে উড্ডয়নের পর মাত্র দেড় কিলোমিটার উচ্চতায় থাকা অবস্থাতে বিধ্বস্ত হয়ে ভূমিতে আছড়ে পড়ে বিমানটি।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই দুর্ঘটনাকে “ভয়াবহ” বলে আখ্যায়িত করে বলেন, “এটি হওয়া উচিত ছিল না।” একই সঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর সরঞ্জাম আধুনিকায়নে আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন।
তিনি আরো বলেন, “আর কোনো বিলম্ব সহ্য করা হবে না, আমাদের তরুণদের জীবন ঝুঁকিতে রয়েছে।”
বিএনএ/ওজি
![]()

